হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা মিলবে না: ইরানের ভাইস প্রেসিডেন্ট

হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা প্রদান করা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আপনি ইরানের তেল রপ্তানি সীমিত করবেন, আর অন্যদের জন্য বিনামূল্যে নিরাপত্তা প্রত্যাশা করবেন-এটি সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘হয় সবার জন্য তেলের বাজার উন্মুক্ত হবে, নয়তো সবাইকেই বড় ধরনের খেসারত দিতে হবে।’ ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপের অবসানের ওপরই বৈশি^ক জ্বালানি মূল্যের স্থিতিশীলতা নির্ভর করছে। হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের বৈধ অধিকার বলে উল্লেখ করেছেন তিনি। ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পরই আরেফের এই মন্তব্য করলেন। অভিযানে মার্কিন মেরিন বাহিনী জাহাজের ডেকে অবতরণ করে এর নৌ-চলাচল ব্যবস্থা অকার্যকর করে দেয়। এর তাৎক্ষণিক জবাবে ইরানি বাহিনী পাল্টা হামলা চালিয়ে ড্রোনের মাধ্যমে ওই এলাকায় অবস্থানরত কয়েকটি মার্কিন সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু বানায়। গত শুক্রবার ইরান ঘোষণা দিয়েছিল, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। তবে গত শনিবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বহাল রাখার সিদ্ধান্ত নেয়ায় হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেই এই অবরোধ বজায় রাখা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।




