আন্তর্জাতিক

ইরানকে সামরিক সহায়তার বিষয়ে চীনকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানকে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন- এমন গোয়েন্দা তথ্য সামনে আসার পর কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, বেইজিং যদি এ পথে এগোয়, তাহলে এর ফল ভোগ করতে হবে। সংবাদমাধ্যম সিএনএন বলছে, চীন যদি ইরানে অস্ত্র পাঠায়, তাহলে তারা ‘বড় সমস্যায়’ পড়বে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, বেইজিং ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সিএনএনের বেটসি ক্লেইন এই প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প ইঙ্গিত দেন, এমন হলে চীনকে এর পরিণতি ভোগ করতে হবে। হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি বলেন, ‘চীন যদি এটা করে, তাহলে চীন বড় সমস্যায় পড়বে, ঠিক আছে?’ তবে তিনি জানাননি, চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে এ বিষয়ে তার কোনও কথা হয়েছে কি না। আগামী মাসের শুরুতে চীনে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এর আগে গত শনিবার সিএনএন প্রথম জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। এই গোয়েন্দা তথ্য থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার কিছু অস্ত্র ব্যবস্থাকে পুনর্গঠন বা শক্তিশালী করার চেষ্টা করছে। এমনকি গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের কাছ থেকেও সহায়তা নেয়ার বিষয়টি ভাবছে তেহরান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!