হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। বর্তমানে তিনি গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছেন। সেমিল মন্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ ফেব্রুয়ারি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুস সামাদ। এ নিয়ে আইভীকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এ ছাড়া আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই ওয়াজেদ আলী হত্যা মামলাটি করেন। মামলায় সাত জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়েছে। আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, সেলিম মন্ডল হত্যা মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আদালতের কাছে এই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে কী তথ্য আছে, তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে বললেও তদন্তকারী কর্মকর্তা করেননি। গত ২৬ ফেব্রুয়ারিতে জামিন পাওয়ার পরদিনই সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যা হয়রানিমূলক। একই সময়ে দুটি ঘটনায় কীভাবে একজন আসামি হতে পারেন, এ প্রশ্ন তুলে আইনজীবী দাবি করেন আইভী একজন গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ায় তাকে আগেই চেনার কথা, কিন্তু উদ্দেশ্যেপ্রণোদিতভাবে হয়রানি করতে এই হত্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। গত বছরের ৯ মে ভোর সাড়ে ৬টায় অনেক নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই দিন সকাল ১০টায় গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। এরপর তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছেন আইভী। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




