সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদরাসা

খাদেুমল ইসলাম
বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদরাসা সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদরাসার এটি আরেকটি বড় অর্জন। এ মাদরাসাটি ইতোপূর্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কয়েকবার বিশেষ পুরস্কৃত হয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান-সহ আরো নানা বিষয়ে পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদগণ। অ্যাওয়ার্ড লাভ করায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা মোতালেব হোসেন খান এ সাংবাদিককে জানান, প্রতিষ্ঠানটি অ্যাওয়ার্ড লাভ করার পেছনে আমার একার কৃতিত্ব নয়, এ কৃতিত্ব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুল ইসলাম তৌফিকসহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীসহ সকলের।




