
আগামী পাঁচ দিন সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময়ে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই ধরনের তাপমাত্রা থাকবে পরের তিন দিনই। এদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সময়ে সারাদেশে কোথাও বৃষ্টিপাত হয়নি। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে ৩১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।




