সারাদেশ

সাবেক এমপি শেখ আফিল দম্পত্তির ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ

দুদকের মামলা

যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ৬২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গতকাল রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর। প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে অনুসন্ধানে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। অন্যদিকে শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোছা. তাহেরা সোবহার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নামে মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। অনুসন্ধানে তাহেরা সোবহার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে তার নামে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!