জাতীয়প্রধান খবর

সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক খাতের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিমা খাতে মানুষের বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে। গ্রাহকের পাওনা বিমা দাবি পরিশোধে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের পাওনা পরিশোধ করা হবে। গতকাল সোমবার রাজধানীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ৫৭ শতাংশ বিমা দাবি এখনও অপরিশোধিত রয়েছে। গ্রাহকদের দাবি পরিশোধ না করে কিছু কোম্পানি নিজেদের সম্পদ বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, দাবি পরিশোধ করতে তাদের সময় বেঁধে দেওয়া হচ্ছে। এর মধ্যে পরিশোধ করতে না পারলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা দেওয়া হবে। তিনি বলেন, গ্রাহকদের পাওনা পরিশোধ নিশ্চিত করার মাধ্যমে বিমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকরভাবে কাজ করতে হবে। বিমা কোম্পানিগুলোকে দ্রুত অটোমেশনের আওতায় আসার নির্দেশও দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সব বিমা কোম্পানিকে অটোমেশনে যেতে হবে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় বিমা খাতের অনিয়ম, গ্রাহকের দাবি পরিশোধে দীর্ঘসূত্রতা এবং খাতটিতে সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী বলেন, বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠন সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকের পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!