আইটি

সমালোচনার মুখে বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বন্ধ করেছে মেটা। এই সুবিধায় অন্যের উন্মুক্ত ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহেই সুবিধাটি চালু হয়। এর নাম ছিল মিউজ ইমেজ। এটি মেটার নতুন ছবি তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার অংশ। সুবিধাটি ব্যবহার করে উন্মুক্ত ইনস্টাগ্রাম হিসাবের ছবি দিয়ে নতুন ছবি তৈরি করা যেত। এজন্য শুধু সেই হিসাবের নাম উল্লেখ করলেই হতো। এ নিয়েই শুরু হয় বিতর্ক। কারণ, কারও ছবি এভাবে ব্যবহার করা হলে তাকে কোনো বার্তা দেওয়া হতো না। তার অনুমতিও নেওয়া হতো না। ব্যবহারকারী, শিল্পী ও বিভিন্ন প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এর সমালোচনা করে। তাদের আশঙ্কা ছিল, সুবিধাটির অপব্যবহার হতে পারে। বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া ছবি তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দেয়। সমালোচনার পর সিদ্ধান্ত বদলায় মেটা। এক ব্লগ বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সৃজনশীল কাজ সহজ করাই তাদের লক্ষ্য ছিল। পাশাপাশি ব্যবহারকারীরা যেন নিজেদের উন্মুক্ত ছবি ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেন, সেটিও নিশ্চিত করতে চেয়েছিল। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ভিন্ন ছিল। মেটা বলেছে, তারা বুঝতে পেরেছে এই সুবিধা প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি তৈরির ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তি চালুর আগে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!