খেলাধুলা

শেখ মেহেদীর মায়ের ইন্তেকালে শোক জানালো বিসিবি

জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। গতকাল রোববার সকালে খুলনায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে। শোক বার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’ পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার জোহর নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!