খেলাধুলা

মোস্তাফিজকে দলে ভেড়ালো লাহোর কালান্দার্স

আইপিএলে চড়া দামে বিক্রি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খেলা হয়নি। যার জেরে ঘটে গেছে পুরো বাংলাদেশ দলের বিশ^কাপ বয়কটের ঘটনা। তবে আইপিএলে খেলা না হলেও মোস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। একাদশ মৌসুমের জন্য বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। গতকাল বৃহস্পতিবার এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে তারা কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে কৌশলগত ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তাকে আবার ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ আনন্দিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।’ মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি তাদের মূল খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। উল্লেখ্য, গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেললেও আসন্ন পিএসএল মৌসুমের জন্য এই তিনজনের কাউকেই রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!