শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভা-রবীন্দ্র পাঠোৎসব

নিজস্ব প্রতিবেদক:
শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও রবীন্দ্র পাঠোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার এবং প্রথম আলো বন্ধুসভা এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে আয়োজিত আলোচনা সভায় ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি শেখ ফজল, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক ড. মনোয়ার হুসেন, সহকারি অধ্যাপক মুজাহিদুর রহমান, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক কবি হিশাম আল মহান্নাভ, কবি মিনহাজ উদ্দিন শপথ, বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানি ও সাগর মুখার্জি প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা জামালপুরের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথের জীবন দর্শন সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বর্তমান পৃথিবীতে রবীন্দ্রনাথের শান্তি ও মানবতার দর্শন খুবই প্রয়োজন এ বিষয়ে বক্তারা বক্তব্য দেন।
এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি করে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সদস্যরা। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কর্মের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত দর্শকরা। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বই প্রদর্শনী করা হয়। সবশেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করে প্রথম আলো বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক রাসেল।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশারাফুজ্জামান স্বাধীন।




