খেলাধুলা

রেকর্ড অষ্টম এনসিএল শিরোপা জিতল খুলনা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রংপুরকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছে খুলনা বিভাগ। সাত ম্যাচের মধ্যে চারটিতে জয় পাওয়া খুলনা প্রতিযোগিতা শেষ করেছে ৩৯ পয়েন্ট নিয়ে। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট। এই জয়ের মধ্য দিয়ে এনসিএলে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড নিজেদের দখলে নিয়েছে খুলনা। ২০১৯-২০ মৌসুমে সপ্তম শিরোপা জিতে রাজশাহীর ছয় শিরোপার রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল তারা। পরবর্তী সময়ে সপ্তম শিরোপা জিতে খুলনার সঙ্গে যৌথভাবে শীর্ষে ওঠে ঢাকা বিভাগ। তবে সর্বশেষ শিরোপা জয়ে আবারও এককভাবে শীর্ষস্থান ফিরে পেল খুলনা। শেষ দিনে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে খেলা শুরু করা রংপুর আগের দিনের সংগ্রহে আর কোনও রান যোগ করতে পারেনি। দিনের দ্বিতীয় বলেই খুলনার পেসার সাফার আলীর বলে আজিজুল হাকিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিম মোসাদ্দেক। ইনিংসে পাঁচ উইকেট স্বীকার করেন সাফার। জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয় ও আজিজুল হাকিমের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় খুলনা। দুজন মিলে যোগ করেন ১২৩ রান। ৬৮ বলে ৮১ রান করে আউট হন এনামুল। মাত্র ৩৮ বলে তিনি অর্ধশতক তুলে নেন। এরপর কালাম সিদ্দিকী আলীনকে নিয়ে আর কোনো উইকেট না হারিয়ে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন আজিজুল। ৪০.১ ওভারে জয় নিশ্চিত করে দলটি। আজিজুল ৭৮ রানে অপরাজিত থাকেন। কালাম অপরাজিত থাকেন ৩৬ রানে। এনসিএলের শিরোপা জয়ের তালিকায় আটটি শিরোপা নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। ঢাকা বিভাগের শিরোপা সাতটি, রাজশাহীর ছয়টি এবং রংপুরের তিনটি। চট্টগ্রাম, বিমান ও সিলেট একবার করে শিরোপা জিতেছে। এদিকে, রাজশাহীতে ঢাকা বিভাগকে ১৪৩ রানে হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম। তাদের পয়েন্ট ৩১। ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ঢাকা। শেষ দিনে দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ২৮৫ রানে ঘোষণা করে চট্টগ্রাম। এতে ঢাকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান। জবাবে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ৭১ রানে ৬ উইকেট শিকারের সুবাদে ১৩৮ রানেই অলআউট হয় ঢাকা। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হাসান এক ইনিংসে পঞ্চমবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। অন্যদিকে, সিলেট একাডেমি মাঠে ড্র হয়েছে ময়মনসিংহ ও রাজশাহীর মধ্যকার ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ময়মনসিংহ ২৮৮ রানে অলআউট হওয়ার পথে ওপেনার খালিদ হাসান ১০৩ রান করেন। জয়ের জন্য ৩৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ৮৪ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!