জাতীয়প্রধান খবর

রাজধানীতে নতুন আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা

রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটির প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। আর বাকি তিনটি স্থাপনেরও কাজ চলছে। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গতকাল শুক্রবার রাজধানীর ৩০০ ফিটে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মো. সরওয়ার বলেন, মোহাম্মদপুর এলাকায় দুটি পুলিশ ফাঁড়ি আছে। রায়েরবাজার একটি পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আরও শক্তিশালী করা হবে। রায়েরবাজারে একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগির পাসের চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি আমরা। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করবো। ডিএমপি কমিশনার বলেন, খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে। আপনারা জানেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনও আদেশ পাইনি। পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করবো। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া, পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস স্থাপনে ছয় হাজার সদস্যের চাহিদা আছে। পুলিশের আবাসন ব্যবস্থা নিয়ে তিনি বলেন, গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসন ব্যবস্থা পুলিশ সদর দফতরের মাধ্যমে করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে আমাদের এক হাজার ৬০০ ও ডেমরা পুলিশ লাইনে এক হাজার ৬০০ সদস্য থাকবে। এছাড়া মিরপুর পুলিশ লাইনসে ২০ তলা একটি ব্যারাক আছে, যা আমরা গত মাসে উদ্বোধন করেছি। এতে ছয়তলা পর্যন্ত ব্যারাকে দুই হাজার ২০০ সদস্য থাকবে। পূর্বাচলে ২০ তলা একটি ভবন আছে পুলিশ সদর দফতরের। ওখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ৮০০ থেকে ৯০০ সদস্য থাকছে। মো. সরওয়ার বলেন, দিয়াবাড়িতে পুলিশ লাইনস আছে। যার আয়তন ১০ একর। ওখানেও ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ শিগগির নিয়ে যাবো। এই ১০ একর জায়গায় আবাসন বর্ধিত করছি। বসিলা পুলিশ লাইনসে আগে তেমন কিছু ছিল না। গত কয়েক মাসে বসিলা পুলিশ লাইনসে ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ সদস্যসহ অফিস করা হয়েছে। এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইনসে রয়েছে সেটিও স্থানান্তরের কাজ চলছে। ওইখানে ১৫০ থেকে ২০০ পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। ডিএমপির মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের কাজ চলছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, গত বছর এটা বসিলায় উদ্বোধন হয়েছে। আর চতুর্থ হলো, বসিলাকে পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমাদের আবাসন বৃদ্ধি করছি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!