মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা
খাদেমুল ইসলাম, স্টাফ রিপোর্টার, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক নামে এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হক(৫০) মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ ফকিরপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকালে তোজাম্মেল হক সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বালিজুড়ী-ভাটারা সড়কের বাজিতেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনারস্থলেই তোজাম্মেল হকের মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত অপর মোটরসাইকের চালক ঘটনার পরপর মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তোজাম্মেল হকের মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




