মাদারগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন প্রামাণিক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে। বিকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সায়ের উদ্দিন প্রামাণিক(৭০) মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে বালিজুড়ী বাজারে হাফিজুর ক্রোকারিজের সামনে রাস্তা পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তার কান ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালের দিকে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




