মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের আকস্মিক অভিযান, আটক ৬

রাজধানী ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে পদার্থগুলো হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। অভিযান শেষে প্রতিমন্ত্রীর জনসংযোগ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। মাদক কারবারে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ এ কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরও বেশি হবে। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এ সমস্যা মোকাবিলায় গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরে থেকে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত করে আটকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তাদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, কাউকে মারধর করা হবে না। তাদের থানায় নেওয়া হবে এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দেশ আইনের মাধ্যমে চলবে উল্লেখ করে তিনি বলেন, বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে আসেন। আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। পরীক্ষার পর সেটি হেরোইন কি না, তা নিশ্চিত হওয়া যাবে। এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চান তিনি।




