বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকাসহ সারাদেশেই হচ্ছে বৃষ্টি। এমন সময়ে রাজধানীর বায়ুদূষণ কম থাকার কথা, সবমসময় এমনটাই হতো। কিন্তু, এবার সেই লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও বায়ুদূষণে শীর্ষে রয়েছে জনাকীর্ণ শহরটি। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে ছিল। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার বায়ুর মান ১৯৮, যা খুবই অস্বাস্থ্যকর। এদিকে, ১৭৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্যা কঙ্গোর শহর কিনশাহা। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান। করোনা নিয়ে আলোচিত শহরটির স্কোর ১৬৩। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, চীনের বেইজিং, চেংডু ও ইন্দোনেশিয়ার জার্কাতা। একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র সাত। তালিকায় এরপরেই রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যুক্তরাষ্ট্রের শিকাগো ও নরওয়ের অসলো। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।




