জাতীয়প্রধান খবর

বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়াভাবে ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে তিনি বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে তখন বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়। পরে ওই ১১৪ টাকা লিটার ডিজেলের দাম কয়েক দফায় কমে ১০০ টাকায় নামলে সরকার তিন দফায় ৮ পয়সা করে বাস ভাড়া কমায় এবং লঞ্চ ভাড়াও কাগজে-কলমে সমন্বয় করা হয়। তবে বাস্তবে কোনো বাস বা লঞ্চে যাত্রীরা কমানো ভাড়ার সুবিধা পায়নি। এ বিষয়ে সরকার কোনো কার্যকর তদারকি করেনি। তিনি আরও বলেন, এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অথচ এই ১ টাকা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে। এসব যৌক্তিক তথ্য তুলে ধরার কারণে যাত্রী কল্যাণ সমিতিকে বারবার বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা করছে। মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের কিছু আমলা সাময়িকভাবে লাভবান হয়ে যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের পক্ষে অযৌক্তিক ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিচ্ছেন। এতে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!