বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঋতুপর্ণা

বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত বৃহস্পতিবার সকালে কলকাতায় অভিনেত্রীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সেখানে পার্ক করে রাখা তার বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর (পণ্যবাহী ছোট ট্রাক)। এতে গাড়িটির বেশ কয়েকটি অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনা প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, ঘটনার সময় তিনি বাড়ির ভেতরেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ও বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর তার বাড়ির সামনে রাখা গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। এতে গাড়িটির বাঁ পাশের পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় তার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিনেত্রীর ভাষ্য, ওই সময় সেখানে কোনো মানুষ উপস্থিত থাকলে দুর্ঘটনাটি প্রাণঘাতী হতে পারত। এমন বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। এদিকে দুর্ঘটনার পর ম্যাটাডোরের চালক যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাকে আটকে রাখেন ঋতুপর্ণা ও তার বাড়ির লোকজন। এ সময় গাড়িটির চাবিও নিজেদের হেফাজতে নেন তারা। পরে চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি ওই গাড়ির অনুমোদিত চালক নন। পেশায় একজন ক্যাটারিং কর্মী। তার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঋতুপর্ণা বলেন, কোনো অনুমতি ও বৈধ লাইসেন্স ছাড়া এভাবে বাণিজ্যিক গাড়ি চালানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ। এমন অবিবেচক কাজ যে কোনো সময় বড় দুর্ঘটনা কিংবা প্রাণহানির কারণ হতে পারে। সমাজের প্রতি প্রত্যেক মানুষের ন্যূনতম দায়িত্ববোধ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঋতুপর্ণা। তবে এ ঘটনায় চালকের দায়িত্বহীনতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।




