বিনোদন

বড় অঙ্কের পারিশ্রমিকেও মণ গলে না পঙ্কজের, অভিনয়ে রাজি হন যে কারণে

একসময় কাজ পাওয়াই ছিল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কাছে সবচেয়ে বড় বিষয়। সংসার চালানো, পারিশ্রমিক পাওয়া কিংবা নিজের ছোটখাটো শখ পূরণের জন্য ভালো কাজের সুযোগ পেলেই রাজি হতেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভাবনা। এখন বড় অঙ্কের পারিশ্রমিকও তাঁকে কোনো সিনেমায় অভিনয়ে আগ্রহী করে না। গল্প ও চরিত্রে সৃজনশীল তৃপ্তি খুঁজে পেলেই কেবল কাজ করতে চান এই ভারতীয় অভিনেতা।
সম্প্রতি ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন ও অভিনয় নিয়ে এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন ৫০ বছর বয়সী পঙ্কজ। তাঁর মতে, কোনো কাজের প্রতি নিজের আগ্রহ ও উচ্ছ্বাস না থাকলে সেই কাজে যুক্ত হওয়ার আনন্দ থাকে না।
পঙ্কজ বলেন, “উচ্ছ্বাস না থাকলে আমার পক্ষে কোনো সিনেমায় কাজ করা সম্ভব নয়। কাজের আনন্দটা সেখানেই। কোনো প্রস্তাবে কত টাকা দেওয়া হচ্ছে, তা এখন আর আমাকে আগ্রহী করে না। এমন একটি গল্প হতে হবে, যেটি করতে আমার ভালো লাগবে। অথবা গল্পের মধ্যে এমন কিছু থাকতে হবে, যার মাধ্যমে সমাজকে কিছু দেওয়ার সুযোগ আছে।”
এমনকি বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেলেও গল্প বা চরিত্রে আগ্রহ না থাকলে তা ফিরিয়ে দেন তিনি। তবে কোনো কাজ প্রত্যাখ্যান করা সব সময় সহজ নয় বলে জানান অভিনেতা। কারণ, তাঁর কাছে কাজের প্রস্তাব নিয়ে আসা ব্যক্তির প্রত্যাশা ও আবেগও গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে পঙ্কজের ভাষ্য, “মানবিক দিক থেকে মনে হয়, এই মানুষটি অনেক আশা নিয়ে এসেছেন। হয়তো তাঁর ক্যারিয়ারও এই প্রকল্পের ওপর নির্ভর করছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ আমাকে আগ্রহী না করলে সেটি ফিরিয়ে দিতেই হয়।”
দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি জানান, তখন কাজ পাওয়াটাই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। পারিশ্রমিক পাওয়া, সংসারের খরচ চালানো কিংবা গাড়ি কেনার মতো ব্যক্তিগত শখ পূরণের জন্যও কাজ করতে আগ্রহী হতেন।
নিজের ক্যারিয়ারের সেই সময়কে ‘টিকে থাকার পর্যায়’ হিসেবে উল্লেখ করেন পঙ্কজ। তাঁর মতে, তখন নানা কারণেই কাজ করার আগ্রহ তৈরি হত। কিন্তু জীবনে যখন আর টিকে থাকার লড়াই থাকে না, তখন একজন শিল্পীর কাছে নিজের কাজের মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই আনন্দ না থাকলে এখন আর কোনো প্রকল্পে যুক্ত হতে চান না তিনি।
সম্প্রতি পঙ্কজকে দেখা গেছে ‘মির্জাপুর দ্য মুভি’তে। জনপ্রিয় ‘মির্জাপুর’ সিরিজের স্পিন-অফ এই সিনেমাটি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হয়েছে। বিশ^জুড়ে ছবিটির আয় ৩৫০ কোটি রুপির বেশি।
এদিকে অদিতি রাও হায়দারির বিপরীতে রোমান্টিক কমেডি সিনেমা ‘পারিবারিক মনোরঞ্জন’-এ অভিনয় করছেন পঙ্কজ। বরুণ শর্মা পরিচালিত ছবিটি ১৩ নভেম্বর সনি লিভে মুক্তি পেয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!