রাজনীতি

ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনি এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত মঙ্গলবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার জনগণের সামনে এসব তথ্য তুলে ধরেন। লাইভের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। গতকাল বুধবার ১১ মার্চ দুপুর ২টা ৩০ পর্যন্ত হাসনাতের লাইভের ভিডিওটি ৯৪ হাজার ৪০০ বার শেয়ার হয়েছে, এতে কমেন্টে করেছে ৪২ হাজার মানুষ। নেটিজেনরা হাসনাতের জবাবদিহিতা নিয়ে প্রশংসা করে ভিডিওটি শেয়ার দিচ্ছেন ও আলোচনা করছেন। লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন। দেবিদ্বারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উপজেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের অন্য খারাপ রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে কঠোর বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে ঠিকাদারদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!