ফাইনাল খেলতে যে সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে টাইগারদের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা ভয়াবহ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে টাইগাররা। ফাইনালে ওঠার পথ এখন বেশ কঠিন। আবুধাবিতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে তুলেছিল ২৭১ রান। মাত্র ২৪ রানে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। যদিও পরে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। লড়াকু পুঁজিও দাঁড় করায়। সেই রানের জবাব দিতে নেমে লেজেগোবরে দশা বাংলাদেশের। তানজিদ হাসান তামিমের ৩৮ বলে ৪৬ রানের ইনিংস বাদে বাকিরা ক্রিজে টিকতেই পারেননি। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। মাত্র ১৭২ রানেই থেমেছে টাইগারদের ইনিংস। পুরো ৫০ ওভার খেলা তো দূর, ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। অলআউট হয়েছে মাত্র ৩৩.৪ ওভারেই। এই হারের ফলে ফাইনালের পথ এখন বেশ কঠিন বাংলাদেশের জন্য। তবে অসম্ভব নয়, এখনও সুযোগ আছে। আজ সোমবার ম্যাচে জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলেই পথ সোজা বাংলাদেশের জন্য। কেবল নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার হারিয়ে দিতে হবে আফগানদের। তখন ফাইনালে জিম্বাবুয়ের সাথে যোগ দেবে বাংলাদেশ। যদি জিম্বাবুয়ে আফগানদের কাছে হেরে যায় তখন সমীকরণ বেশ কঠিন হয়ে যাবে। বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানকে হারলেও তখন ৩ দলের পয়েন্টই হবে ২ করে। নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকা দুই দল যাবে ফাইনালে। ৯৯ রানে হেরে নেট রান রেটের বারোটা ইতোমধ্যে বাজিয়ে দিয়েছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের নেট রান রেট ঋণাত্মক ১.৯৮০, অন্যদিকে জিম্বাবুয়ের ধনাত্মক ১.৯৮০। এখনও ম্যাচ না খেলায় রান রেট এবং পয়েন্টের খাতা খোলা হয়নি আফগানিস্তানের। হিসাব, সমীকরণ, ম্যাচ সবকিছুই এখনও বাকি অনেকটা। দেখা যাক সমীকরণ মিলিয়ে ফাইনালে যেতে পারে কিনা বাংলাদেশ।




