খেলাধুলা

তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ হলেন ব্র্যাড ইভান্স

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হারলেও ব্যাটিং ইউনিটের একমাত্র প্রাপ্তি তানজিদ হাসান তামিম। তিন ফরম্যাটেই ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটার যতক্ষণ ক্রিজে ছিলেন, জয়কে মনে হচ্ছিল নিছক সময়ের ব্যাপার। তবে তিনি আউট হওয়ার পরই বদলে যায় পুরো দৃশ্য। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুই পেয়েছিল বাংলাদেশ। ৬.৩ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। সৌম্য সরকার বিদায় নিলেও তানজিদ পাওয়ারপ্লে পুরোটা কাজে লাগান। পাওয়ারপ্লের শেষ ওভারে অর্থাৎ ১০ম ওভারের শেষ বলে বিদায় নেওয়ার আগে ৪৮ বলে করেন ৪৬ রান। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। আরও স্পষ্ট হয় তামিমের ইমপ্যাক্ট। ম্যাচ শেষে বাংলাদেশি ওপেনারের প্রশংসায় মেতে ওঠেন জিম্বাবুয়ের জয়ের অন্যতম নায়ক ব্র্যাড ইভান্স। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে। তানজিদ গত কয়েকটি সিরিজ ধরেই দারুণ ছন্দে আছে। সে দারুণ একজন খেলোয়াড়। আমরা ড্রেসিংরুমে বলছিলাম, এটা সাদা বলের ক্রিকেট, যে কেউ ভালো করতে পারে। শান্তর উইকেট নেওয়ার বলটি ভালো হয়েছিল। এভাবে ফেরা সত্যিই দারুণ।’ নিজেদের জয়ের পেছনে পার্টনারশিপকে গুরুত্ব দিয়ে ইভান্স আরও বলেন, ‘ক্রিকেট মানেই পার্টনারশিপ। ব্যাটিংয়ে তো বটেই, বোলিংয়ে এমনকি ফিল্ডিংয়েও। বোলিংয়ে আমরা একজন অন্যজনকে সমর্থন করেছি। হ্যাঁ, পার্টি তো হবেই। পরের ম্যাচের আগে একদিন বিরতি আছে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!