রাজনীতি

পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান মহিলা আ. লীগ নেত্রীর

নীলফামারীর সৈয়দপুর থানায় আটক পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা সৈয়দপুর থানায় আসেন। এসময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর তাকে থানার ভেতরে আটক করে পুলিশ। আটকের পর থানার সামনে উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে ফের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় তাকে প্রাথমিকভাবে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে নীলফামারীতে নেওয়ার প্রস্তুতি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগবিতণ্ডার একপর্যায়ে পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি তিনি বলেন, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। এতে থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই সৈয়দপুর থানায় কাজী জাহানারার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়। এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাননি। মধ্যরাতে তাকে কোথায় নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে ওসি জানান, কাজী জাহানারাকে নীলফামারী সদর থানায় পাঠানো হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!