আন্তর্জাতিক

পাকিস্তানের অতর্কিত হামলায় আফগানিস্তানে নিহত ১৭

আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় গতকাল রোববার ভোরে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান বাহিনীর এসব হামলার কড়া নিন্দা জানিয়েছে। সীমান্তসংলগ্ন নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তান বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অনেকে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় স্কুল ও আবাসিক বাড়িতে হামলা হয়েছে। আফগানিস্তানের তালেবান প্রশাসন এসব হামলার ‘উপযুক্ত’ জবাব দেওয়ার হুমকি দিয়েছে। আফগান সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে নানগারহারে অন্তত ১৭ জন নিহত হয়েছে। তবে পাকতিকায় কতজন হতাহত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর এই হামলায় ফলে দেশ দুইটির মধ্যে যুদ্ধবিরতি আরও নড়বড়ে হলো। সেইসঙ্গে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে সামরিক বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ, উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলারদের নির্দেশে পরিচালিত হয়েছে। এর ‘চূড়ান্ত প্রমাণ’ আমাদের হাতে রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!