জাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবর

নির্বাচনে সার্বক্ষণিক হেলিকপ্টার, পরিবহন বিমান থাকবে: বিমান বাহিনী প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীতে বিমানবাহিনী ঘাঁটি বাশারে মাঠপর্যায়ে নিয়োজিত বিমানবাহিনী সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানবাহিনী প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিমানবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনি আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। সফলতার সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমানবাহিনীর সব সদস্য সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কর্তব্য পালন করবে বলে বিমানবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবেন এবং মাঠ পর্যায়ে ১ হাজার ২৫০ জন সদস্য আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত (মোট ১১ দিন) মোতায়েন থাকবে। যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে। এছাড়া নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!