ইসলাম ও জীবন

নিরাপদ হজের লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সৌদি

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে হাজিদের আগমন শুরু হওয়ায় তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সক্ষমতা নিয়োগের নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশা সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে হজযাত্রীদের স্বাগত জানিয়েছেন। মক্কা ও মদিনায় আগত মেহমানদের সেবা এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে সৌদি আরবের দৃঢ় অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হজের যাবতীয় কার্যক্রম, নিরাপত্তা এবং প্রতিরোধমূলক পরিকল্পনাগুলো পূর্ণ উদ্যমে বাস্তবায়নের নির্দেশ দেন। বিশেষ করে মক্কা-মদিনার পবিত্র স্থানগুলোসহ আকাশ, স্থল ও সমুদ্রপথের সকল প্রবেশদ্বারে হজযাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এদিকে হজের প্রস্তুতি সরেজমিনে তদারকি করতে মিনার তাঁবুগুলো পরিদর্শন করেছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ। সেবার মান যাচাইয়ের এই সফর শেষে তিনি জানান, হজের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করা হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে মিনার তাঁবুগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বাড়ানো হয়েছে। আল রাবিয়াহ আরও জানান, এবার হাজিদের চলাচল পর্যবেক্ষণ এবং প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের জন্য নতুন ইলেকট্রনিক সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া হাজিদের সঠিক দিকনির্দেশনা ও সময়সূচী জানাতে পর্যাপ্ত সাইনবোর্ড ও ডিজিটাল নির্দেশিকা ব্যবহার করা হচ্ছে। হজ মন্ত্রী বলেন, ভিড় ব্যবস্থাপনা ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপগুলো বড় ভূমিকা রাখবে। মূলত সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য অনুযায়ী হাজিদের অভিজ্ঞতাকে আরও উন্নত ও আরামদায়ক করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!