রাজনীতি

নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দল রাজপথে আন্দোলনের নতুন নাটক শুরু করেছে। দেশ যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন গঠনমূলক ভূমিকা না রেখে তারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (জেটেব) এই সমাবেশের আয়োজন করে। রিজভী বলেন, সংবাদপত্র খুললেই দেখা যায় বিরোধী দলগুলোর কেবল ‘নাই নাই’ জিকির। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণে তাদের কোনো নজর নেই। নিজেদের দলীয় দ্বন্দ্ব ঢাকতেই তারা রাজপথে নামার নতুন নতুন বাহানা খুঁজছে এবং নানা কর্মসূচির নাটক সাজাচ্ছে। স্বৈরাচারী শাসনের পরিণতি উল্লেখ করে তিনি বলেন, অন্যায় ও অপশাসন চালিয়ে কোনো শাসকই শেষ রক্ষা করতে পারে না। ইতিহাস সাক্ষী, জনগণের রাজপথে উত্থান হলে অপরাধী শাসকদের পালিয়ে যেতে হয়। এ দেশেও জোর করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শক্তিকে পালিয়ে যেতে হয়েছে। শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এই উৎসব যাতে সর্বোচ্চ নিরাপত্তা, ভাবগাম্ভীর্য ও শান্তির মধ্যে উদযাপিত হতে পারে, সে জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশেই দলীয় প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন যাতে সনাতন ধর্মের ভাইয়েরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন। আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে রিজভী আরও বলেন, কোনো অন্যায় পার পাবে না। বেইমানি ও হত্যার রাজত্ব এ দেশে আর হতে দেওয়া হবে না। আইন ও আদালতের মাধ্যমে সব অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ উদ্দিন মিশু, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব জাহানারা সিদ্দীকা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতা রকিবুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী সাখাওয়াত, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুর রহমান ও ছাত্রদলের সহ-সভাপতি ডা. তাওহিদুর রহমান আউয়ালসহ পেশাজীবী নেতারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!