খেলাধুলা

দীর্ঘ নয় বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত

আসন্ন আগস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত জাতীয় ক্রিকেট দল। সফরে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজকে সামনে রেখে এবার সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ করেছে এসএলসি। দুই টেস্টের ভেন্যু যথাক্রমে গল এবং কলম্বো। ১৫ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ, গলে। এরপর ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট ম্যাচ। ২০১৭ সালের পর প্রথমবার শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাচ্ছে ভারত। শ্রীলঙ্কার মাটিতে টানা পাঁচ টেস্টে জয় আছে ভারতের। সেখানে ২০০৮ সালের পরে টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। এই সিরিজ আইসিসির বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গতও। যেখানে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা আছে ষষ্ঠ স্থানে। দুই দলের জন্যই তাই এই সিরিজ টেবিলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। অজিদের হারিয়ে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। এবারের চক্রেও এখনও পর্যন্ত শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে একের পর এক টেস্ট হেরে নিজেদের বারোটা বাজিয়ে রেখেছে ভারত, যে কারণে টেবিলে আছে ৫ম স্থানে। ঘরের বাইরে অবশ্য তাদের রেকর্ড তুলনামূলক ভালো। শ্রীলঙ্কাও ঘরের মাঠে দারুণ ছন্দে আছে। ফলে দুই দলের লড়াইটা দেখার মত হবে বলেই আশা করা যাচ্ছে। দুই দলের টেস্ট সিরিজ শেষে একটি টি-টোয়েন্টি সিরিজ যুক্ত করার ব্যাপারে গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিক সূচিতে তা নেই। রাখা হয়নি কোনো প্রস্তুতি ম্যাচ বা ট্যুর ম্যাচও।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!