বিএনপি জয়লাভ করায় বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে: ওয়ারেছ আলী মামুন
জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল:

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জয় লাভ করে সরকার গঠন করায় বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আসুন আমরা সবাই মিলে বৈষম্যহীন, শোষণমুক্ত নতুন এক বাংলাদেশ গড়ে তুলি। যেখানে কোন অবিচার, অন্যায়, অনিয়ম, দুর্নীতি থাকবে না। সবাই তাদের নাগরিক অধিকার ভোগ করবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, মত প্রকাশে কোন বাধা থাকবে না। শনিবার জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন ছাড়াও জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডা: আজিজুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাত রেজোয়ান বাবু, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, সহ-সভাপতি লিয়াকত হোসেন, যুগ্ম সম্পাদক আহসানুজ্জামান রুমেল,

সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শামীম আরা খান, ভাষা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ব্যবসায়ী নেতা ইকরামুল হক নবীন, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা।

আলোচনা সভা শেষে জামালপুর জেলাসহ দেশবাসী সকলের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এসএটিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম।
জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা এতে অংশ নেন।




