ডিএসইতে সূচকের উত্থান হলেও সিএসইতে পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি সবকটি মূল্যসূচকে উত্থান হয়েছে। একইসঙ্গে এক্সচেঞ্জটির লেনদেনেও গতি বেড়েছে। তবে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান থাকলেও মূল্যসূচকে পতন হয়েছে। কমেছে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে শুরুতেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা মিলে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে শেয়ারের দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। এক্সচেঞ্জটিতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৫৯টির, আর ৬৩টির অপরিবর্তিত ছিল। দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪ পয়েন্টে উঠে এসেছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮২৯ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে ৪৭ কোটি ৫৮ লাখ টাকা। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৪ পয়েন্টে নেমেছে। এক্সচেঞ্জটির সিএসআই ও সিএসই-৫০ সূচক দুটিও কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৮৬টির এবং ৩২টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১ কোটি ৩৫ লাখ টাকা।




