জামালপুর-৪ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের বাসরী কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে তিনি লিখিত ইশতেহার উপস্থাপন করেন।
নির্বাচনী ইশতেহার উপস্থাপন অনুষ্ঠানে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুল আউয়াল ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, খেলাফত মজলিসের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী ইশতেহারে সংসদীয় এলাকায় সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন, এমপির পক্ষ থেকে ২৪ ঘণ্টা জরুরি হটলাইন চালু, প্রবাসী পরিবার সহায়তা ডেস্ক স্থাপন ও আধুনিক মানের জনবান্ধন পৌরসভা নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া ডিজিটাল দারিদ্র্য সূচক নির্ধারণ ও স্বয়ংক্রিয় ভাতা চালু, নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ মুক্ত ও যোগ্য লোকদের পরিচালনা পর্ষদে নিয়োগ, শিক্ষা ব্যবস্থা সহজিকরণ ও ইউনিয়ন পর্যায়ে শিক্ষাভাতা, যমুনা সার কারখানা সচল ও দুর্নীতিমুক্ত করণ, বন্ধ জুট মিল চালু, নদী শাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ ট্রেন চালু ও রেলসেবা নিশ্চিত, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন, হাট-বাজার ও ইটভাটা যুগোপযোগী ব্যবস্থাপনা এবং সড়ক সুরক্ষা বিষয়ে বিস্তর প্রতিশ্রুতি উল্লেখ করা হয় উপস্থাপিত ইশতেহারে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার ৩১ দফা রূপরেখা তুলে ধরা হয়।
নির্বাচনী ইশতেহার উপস্থাপন অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম।




