জামালপুরে ভোট শেষে কর্মস্থলে ফিরতে বাস-ট্রেনে যাত্রীদের ভীড়

নিজস্ব প্রতিবেদক:
টানা চার দিনের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের দিকে ফিরছে জামালপুরের মানুষ।
শনিবার জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় সাধারণ যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। একই চিত্র শহরের দুই বাস টার্মিনালেও। কয়েকদিন ধরে গণপরিবহন অনেকটা ফাঁকা থাকলেও ছুটি শেষে ফেরার দিনে পাল্টে গেছে পরিস্থিতি।

এদিকে বাড়তি ভাড়া আদায় না করার জন্য পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, ভোট দিতে আসা যাত্রীদের কাছ থেকে কোন গাড়ি যদি ৩শ’ টাকার অধিক ভাড়া নেয়, তাহলে তাদের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করলে সাথে সাথেই ব্যবস্থা নেবেন তারা।
জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ও মেইল ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। প্রতিটি ট্রেন আসার পূর্বে রেলওয়ে প্লাটফর্মে যাত্রীদের ভীড় চোখে পড়ে। ট্রেন রেলওয়ে প্লাটফর্মে আসা মাত্রই ট্র্রেনে উঠা নিয়ে যাত্রীদের হুড়োগুড়ি ছিলো ব্যাপক, এ সময় অনেক যাত্রীই ট্রেনের বগিতে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করতে দেখা যায়।
অপরদিকে জামালপুরের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আক্তারুজ্জামান হোসেন শেখ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে এবং ভোট শেষে এখন তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছে। যে কারনে ট্রেনগুলোতে ব্যাপক পরিমান যাত্রী রয়েছে। যাত্রীদের চাপ থাকলেও কোন ধরনের টিকিট কালোবাজারি হচ্ছেনা এবং যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটেই ট্রেনে ভ্রমণ করছে। এক্ষেত্রে আমরা রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সার্বিক নিরাপত্তা দেয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।




