জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের আগুন গতকাল শুক্রবার একটি শহরের কেন্দ্রের দিকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সরকার এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে। টোকিও থেকে এএফপি এ খবর জানায়। জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের জানান, দুদিন আগে আগুন লাগার পর থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় ৪শ’ হেক্টরের (৯৮৮ একর) বেশি জমি পুড়ে গেছে। আগুনের শিখা স্থানীয় ওৎসুচি শহরে বাড়িঘরের দিকে ধেয়ে আসছে। এছাড়াও পাশের বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। দীর্ঘ শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। গত বছর ইওয়াতের ওফুনাতো শহরে যে আগুন লাগে, সেটিকে গত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে ধরা হয়। কিহারা আরও জানান, আগুনের তীব্রতার কারণে কর্তৃপক্ষ আড়াই হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগুন নেভাতে তৎপরতা বাড়ানো হয়েছে। এ কাজে প্রায় ৭শ’ দমকলকর্মী ও ১৩টি বিমান মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে। স্থানীয় দমকলকর্মী টিভি আসাহিকে বলেন, ‘শব্দটা ছিল ভয়ঙ্কর। দেবদারু গাছগুলো জ্বলতে জ্বলতে ফেটে যাচ্ছিল আর আগুনের শিখা ও ধোঁয়া আকাশের দিকে উঠতেছিল।’




