রাজনীতিসারাদেশ

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার, আহত ৫

চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদারে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার৯টার দিকে উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে তাদের দুজন আহত হয়েছেন। তারা হলেন- দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান (৩২) এবং দর্শনা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক (২৭)। তাদেরকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আহত তিনজন সমর্থকের নাম জানানো হয়েছে। তারা হলেন- স্থানীয় বাসিন্দা মুজিবর রহমান, জুনায়েদ হোসেন ও আশিক। বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন বলেন, রাতে বিএনপির একটি মিছিল উজলপুর এলাকায় আসে। এ সময় তাদের কয়েকজন সমর্থক আমাদের নির্বাচনি অফিসের সামনে এসে মাতলামো ও বিশৃঙ্খল আচরণ করে। এতে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে তারা হামলা চালায়। পরে ঘটনাস্থলে গেলে আমাদের দুজন নেতাকর্মীকে মারধর করা হয় এবং অফিসের চেয়ার ভাঙচুর করা হয়। অন্যদিকে দর্শনা থানা বিএনপির দপ্তর সম্পাদক আসলাম হোসেন বলেন, তার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়েছিল। মিছিলে স্লোগানের সঙ্গে কয়েকজন সমর্থক নাচছিলেন। এ সময় জামায়াতের নির্বাচনি অফিসে থাকা নেতাকর্মীরা আমাদের সমর্থকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আমাদের তিনজন সমর্থক আহত হন এবং জামায়াতের নেতাকর্মীরা আমাদের নির্বাচনি অফিস ভাঙচুর করে। তিনি আরও দাবি করেন, জামায়াতের নির্বাচনি অফিস ভাঙচুর ও তাদের আহত হওয়ার অভিযোগ সঠিক নয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, রাত ১২টার দিকে মেহেদী হাসান ও হাসান তারেক নামে দুজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। একজনের মাথায় এবং অপরজনের বাম চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন। এ বিষয়ে দর্শনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের দুজন এবং বিএনপির একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে জামায়াতের একটি নির্বাচনি অফিসে ভাঙা চেয়ার পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!