অর্থনীতিজাতীয়

চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চার দাবিতে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আজ রোববার সকাল ৮টা থেকে পুনরায় ধর্মঘট শুরু হবে। গতকাল শনিবারদুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন। বাকি তিনটি দাবি হচ্ছে- ‘চট্টগ্রাম বন্দরের প্রধান সংকটের কারণ’ বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে বন্দরের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করা। বিগত আন্দোলনে যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত, পদাবনতিসহ নানাবিধ শাস্তিমূলক যে ব্যবস্থা নিয়েছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এ সময় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক শ্রমিকদল নেতা মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন। এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আট ঘণ্টা কর্মবিরতি পালন করে এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এ সময় বন্দর থেকে আমদানি পণ্য চালান ডেলিভারি, রপ্তানির পণ্য খালাস, কনটেইনার হ্যান্ডলিং এমনকি বন্দর জেটিতে জাহাজ আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। ৫ ফেব্রুয়ারি দুপুরে শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শ্রমিক নেতারা। পরে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় আন্দোলনে জড়িত মোংলা ও পায়রা বন্দরে সংযুক্ত আন্দোলনের সমন্বয়ক হুমায়ুন কবীরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং স্থাবর অস্থাবর সম্পদ তদন্তে দুদকে ব্যবস্থা নেওয়ার জন্য নৌ পরিবহন সচিবকে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!