চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। একইসঙ্গে ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তরের চেতনাবিরোধী শক্তি এবং স্বাধীনতার বিরোধীদের সঙ্গে হাত মেলায়, তাদের ব্যাপারেও দেশবাসীকে সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধী ছিল এবং স্বাধীনতা চায়নি, আজ তারাই দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে স্বাধীনতার শত্রুদের সঙ্গে গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন আজাদ বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও সফল করেছে বিএনপি। জামায়াত, ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সব সময় দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের ২০ কোটি মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও বিএনপি কখনো কারো সঙ্গে আপস করেনি। তিনি আরও বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও, দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে স্থানীয় সরকার নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদীর তীর রক্ষা কাজের নামফলক উদ্বোধন করেন। একইসঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন তিনি। এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশ এবং বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




