গাজীপুরে পুকুরে মাছ ধরার জালে উঠলো ৭ ককটেল

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন পুকুর থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলো উদ্ধার করেন। শ্রীপুর থানার ওসি মোহাস্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় জেলে জাহাঙ্গীর আলসম বলেন, আমরা তিন জন মাছ ব্যবসায়ী কলেজের পাশের পুকুরে জাল ফেলি মাছ ধরার জন্য। জাল টান দিলে মাছের সঙ্গে ইট বাঁধা একটি ব্যাগ উঠে আসে। জেলেরা ব্যাগটিতে ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে জানান। পরে সেনাবাহিনী র্যাব, পুলিশ এবং ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করেন। এদিকে, জেলেদের জালে ককটেল উঠে আসার খবর পেয়ে আশপাশের উৎসুক লোকজন পুকুর পাড়ে ভিড় জমায়। এ সময় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ককটেল উদ্ধারের আগ মুহূর্ত পর্যন্ত পুকুর পাড়ে নিরাপদ দূরত্ব পর্যন্ত ফিতা দিয়ে সীমানা নির্ধারণ করে দেন। পুকুর থেকে ব্যাগে ভরা অবস্থায় ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রীপুর থানার ওসি মোহাস্মদ নাছির আহমদ জানান, উদ্ধারকৃত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শে ককটেলগুলোর বিষয়ে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে। তবে, কারা কেন এবং কীভাবে ব্যাগটি পুকুরে ফেলে গেছে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




