ত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবররাজনীতি

কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ

১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ সেদিন ভোট চুরি করার চেষ্টা করলে, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে- তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। গতকাল শুক্রবার সকালে ঢাকার সাভারের পৌর এলাকা শাহীবাগ এলাকায় মাতৃবাগান জামে মসজিদ সংলগ্ন মাঠে ১১ দলীয় জোটের এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, সেই দলের নেতা যখন দেশে এসে নামলেন, তিনি বললেন তার একটি প্ল্যান আছে। আমরা সাধুবাদ জানিয়েছি। প্ল্যান থাকলে শেয়ার করুন, আমরা চাই বাংলাদেশে পরিবর্তন হোক। আমরা সম্প্রীতির রাজনীতিই করতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি, তিনি কোথায় চিনিকল আছে, কোথায় নেই; কোথায় ইপিজেড আছে, কোথায় নেই; কোনটা বাণিজ্যিক রাজধানী, কোনটা কী হবে; কোথায় সয়াবিন চাষ হয়, কোথায় ভুট্টা চাষ বেশি হয়— তিনি কিছুই জানেন না। যার দেশ সম্পর্কে কোনও ধারণা নেই, যিনি ১৬-১৭ বছর বিদেশে ছিলেন, যিনি জনগণ থেকে বিচ্ছিন্ন- তার দেশ নিয়ে কী প্ল্যান আছে তা জনগণ অলরেডি বুঝে গেছে। ১১ দলীয় জোটের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ১১ দলীয় জোট— এটা একটা জোটের সরকার হবে। যেখানে নানামুখী মানুষ রয়েছে, নানা মতের মানুষ রয়েছে। এবং দেশ-বিদেশ থেকে আরও অভিজ্ঞ মানুষকে এনে এই সরকার পরিচালনা করা হবে। আমরা দেশের অভিজ্ঞ এক্সপার্ট মানুষদের নিয়ে ইশতেহার তৈরি করেছি। এনসিপি ইশতেহার তৈরি করেছে, জামায়াতে ইসলামি ইশতেহার তৈরি করেছে। আমরা সব ইশতেহার সমন্বয় করে বাংলাদেশের সামনের সরকার পরিচালনা করবো। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, সংস্কার, ইনসাফ। ৫ আগস্টের পরে নতুন কোনও জালেমের আবির্ভাব দেশের মানুষ দেখতে চায় না। সংসদে যদি আবারও ঋণখেলাপিরা যায়, যাদের বিদেশি নাগরিকত্ব আছে তারা যদি সংসদে যায়, তাহলে দেশের কোনও পরিবর্তন হবে না। সমাবেশে শরিফ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা- অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা বলেও উল্লেখ করেন নাহিদ। সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!