কক্সবাজারে অপহরণের শিকার ৫ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষ অভিযানে পাহাড়ি এলাকা থেকে ৫ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- মানিকপুর সুরাজপুর এলাকার ইসাদুল হোছাইন সামিম (১৫), মো. মাহিম (১৩), মো. শহিদ হোসেন (১৪), চকরিয়ার বমুবিলছড়ি এলাকার হেফাজ উদ্দিন শিপাত (২৩) ও মো. নুরুল আমিন (২৭)। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। ওসি জানান, চকরিয়া থানায় দায়ের করা অপহরণ ও মানবপাচার মামলায় তিন কিশোর ও দুই যুবকসহ পাঁচ ভুক্তভোগীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। গত ৮ জুন সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানে তিনি নিজে এবং টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ দল অংশ নেন। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী ও মানবপাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




