এমপি গাজী নজরুলের ঘটনায় তথ্য-উপাত্ত নিয়ে ব্যবস্থা: জামায়াত

এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে বলেছে, তারা এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের দিকে নজর রাখছে। খোঁজখবর নিয়ে ও ‘প্রকৃত ঘটনার’ তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে দলটি। গতকাল মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা জানান। সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।




