বিনোদন

এইচডি প্রিন্ট লিক হলেও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা

গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জানা নায়গান’। মুক্তির আগেই সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতেও ভাঁটা পড়েনি সিনেমার আয়ে। প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৪১ কোটি রুপি (নেট) আয় করেছে সিনেমাটি; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকারও বেশি। তবে বিজয়ের আগের দুই সিনেমা ‘বিস্ট’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট)-এর প্রথম দিনের সংগ্রহকে ছাড়িয়ে যেতে পারেনি ‘জানা নায়গান’। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, ভারতে প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে সিনেমাটি নিট ৪১ কোটি রুপি আয় করেছে। এতে ভারতের বাজারে ছবিটির মোট (গ্রস) আয় দাঁড়ায় ৪৮ কোটি ২৭ লাখ রুপি। আর দেশের বাইরে বা আন্তর্জাতিক বাজার থেকে প্রথম দিনে ছবিটি সংগ্রহ করেছে ৩০ কোটি রুপি (গ্রস)। সব মিলিয়ে বিশ^জুড়ে প্রথম দিনেই ৭৮ কোটি ২৭ লাখ রুপি রূপালী পর্দা থেকে তুলে নিয়েছে এটি। ভাষাগত দিক থেকে সিনেমাটির মূল তামিল সংস্করণই আয়ের সিংহভাগ দখল করে রেখেছে। প্রথম দিনে তামিল সংস্করণ থেকেই এসেছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি। এর পাশাপাশি তেলেগু সংস্করণ থেকে ২ কোটি ৭৫ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি যোগ হয়েছে ছবিটির। প্রথম দিনে এমন বড় অঙ্কের ব্যবসা করলেও বিজয়ের পূর্ববর্তী কিছু সিনেমার উদ্বোধনী রেকর্ডের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ‘জানা নায়গান’। বিজয়ের ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’ সিনেমাটি প্রথম দিনে ভারতে নিট ৪৯ কোটি ৩০ লাখ রুপি আয় করেছিল। তবে মুক্তির আগেই পাইরেসির শিকার হওয়ায় সিনেমাটির বক্স অফিস ব্যবসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। অনলাইনে সিনেমাটির এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ার খবরও সামনে আসে। এর মধ্যেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি এবং প্রথম দিনের আয় সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। ‘জানা নায়গান’ বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে আলোচনায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ। মুক্তির আগে থেকেই সিনেমাটিকে ঘিরে বিজয়ের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। শেষ সিনেমা হিসেবে এর বক্স অফিস পারফরম্যান্সের দিকেও নজর রয়েছে তার ভক্ত ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দর্শকদের।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!