ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে এক ধরনের ইতর শ্রেণির লোক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। গতকাল রোববার শেরপুরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা নারীদের সম্মান করে না, তারাই আবার ভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছে।’ তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নারীদের ঘর, চলাচল ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মর্যাদা বজায় রেখে বেতন বৈষম্য দূর করার কথাও বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, ‘নারীদের অসম্মান করে এমন আচরণকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না।’ এ সময় তিনি মায়ের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন। নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা প্রচারণায় বাধা দেওয়া হলে তা প্রতিহত করা হবে। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায়, যেখানে তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে হানাহানি হবে না, নোংরা রাজনীতি হবে না এবং মানুষে মানুষে বিভেদ তৈরি হবে না। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবালোকে একজন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ও শ্রীবরদী উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্যই যারা হত্যা করেছেন তাদের জন্য এটি উওর না। তারা তো নিজের দলের ২ শতাধিক মানুষকে বিদায় করে দিয়েছে। যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে খুন করে এটা আবার কোন রাজনীতি। আল্লাহ তায়ালা ৫ তারিখ দেশে একটি সুযোগ তৈরি করে দিয়েছে। আল্লাহর কসম, বাংলাদেশে আসমানের ছাদের নিচে সবচেয়ে নির্যাতিত দলটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। একের পর এক সম্পূর্ণ মিথ্যা মামলায় ১১ জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাতায় হত্যা করা হয়েছে। আমরা এখন আর এগুলো চাই না। তিনি আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। ক্ষমতার লড়াইয়ে নিজের দলের লোকদেরই হত্যা করা হচ্ছে এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। জনসভায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. ছামিউল ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




