খেলাধুলা

আলিসনের চোটে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল গোলরক্ষক নির্বাচন জটিল

২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের অনবদ্য প্রহরী আলিসন বেকারের জন্য ২০২৬ বিশ্বকাপও এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হওয়ার কথা ছিল। কিন্তু লিভারপুলের এই তারকার চোট এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত সবশেষ প্রীতি ম্যাচগুলোতে আলিসন খেলতে পারেননি। লিভারপুলের দেওয়া তথ্যমতে, মে মাসের মাঝামাঝি পর্যন্ত তিনি মাঠে ফিরবেন কি না, তা নিশ্চিত নয়।

এই পরিস্থিতিতে আনচেলত্তি বিকল্প গোলরক্ষকদের ওপর নজর দিয়েছেন। বিশেষভাবে দুই নাম আলোচিত। করিন্থিয়ানসের হুগো সুজা, যাকে আলিসনের বদলি হিসেবে ফিফা উইন্ডোয় ডাকা হয়েছিল, এবং নটিংহ্যাম ফরেস্টে খেলা জন, যিনি বোতাফোগোর হয়ে লিবার্তাদোরেস জয় করেছিলেন। ‘ইএসপিএন ব্রাজিল’ জানায়, তাফারেল জনের প্রতি বিশেষ আগ্রহী। প্রীতি ম্যাচগুলোতে বাম হাঁটুর চোটের কারণে জন খেলতে পারেননি, তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি অনুশীলনে ফেরার কথা রয়েছে। প্রিমিয়ার লিগের শেষ অংশে ফিটনেস প্রমাণ করতে পারলে আনচেলত্তির মন জয় করা সহজ হবে তার জন্য।

অন্যদিকে, হুগো সুজা মৌসুমের শুরুতে কিছুটা ফর্মহীনতা দেখা দিলেও আলিসন বা জন সুস্থ না হলে তার সুযোগ উন্মুক্ত। বিশ^কাপের জন্য আনচেলত্তি ইতিমধ্যে ২৪ জন নিশ্চিত খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেছেন, যেখানে আলিসনের নাম থাকলেও চোটের কারণে তার অবস্থান এখন অনিশ্চিত। বাকি দুই গোলরক্ষক হিসেবে আল নাসরের বেন্তো এবং ফেনারবাচের এডারসন প্রায় নিশ্চিত।

কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে, সোমবার রিও ডি জেনিরোতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্রাজিলের চূড়ান্ত বিশ^কাপ স্কোয়াড ঘোষণা করবেন। তবে আলিসনের ফিটনেস ও বিকল্পদের প্রস্তুতি এই তালিকায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!