জাতীয়প্রধান খবর

আজ বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় শুরু হচ্ছে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন, ২০২৬’। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আজ শনিবার সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যও দেবেন। বে অব বেঙ্গল কনভারসেশন উপলক্ষ্যে গতকাল শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস)। ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। সংবাদ সম্মেলনে সিজিএস সভাপতি জিল্লুর রহমান জানান, এবারের সংলাপে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। এতে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশ নেবেন। ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি বলেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক বিভাজন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার রূপান্তর, জলবায়ু চাপ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জন-আস্থার সংকট এবারের আলোচনায় গুরুত্ব পাবে। একই সঙ্গে বিশ্বে নতুন নতুন প্রভাব কেন্দ্র তৈরি হচ্ছে। বিভিন্ন দেশ নিজেদের অংশীদারত্ব পুনর্বিবেচনা করে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুঁজছে। এসব পরিবর্তন আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কী প্রভাব ফেলছে, তা নিয়েও আলোচনা হবে। তিনি বলেন, বে অব বেঙ্গল কনভারসেশনের মূল লক্ষ্য হলো ঢাকাকে এমন একটি আন্তর্জাতিক সংলাপের কেন্দ্রে পরিণত করা, যেখানে বিভিন্ন দেশের ও ভিন্নমতের মানুষ খোলামেলা আলোচনা করতে পারবেন। পাশাপাশি এমন ব্যক্তিদের একত্র করা, যারা সাধারণত একই পরিসরে মতবিনিময়ের সুযোগ পান না। আয়োজকদের প্রত্যাশা, এবারের সম্মেলনে বঙ্গোপসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর বিশ্বে পরিবর্তিত ভূরাজনীতি, প্রযুক্তি, ক্ষমতা ও আস্থার নতুন বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!