অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, ১১ দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যমুুনা নদী পাড়ি দেওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজের ১১ দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন নৌ থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার খানপাড়া এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনরা জানায়, গত ৯ ফেব্রুয়ারী দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি মোল্লারচর এলাকার আমিনুল ইসলাম খোকা (৭০) পার্শ্ববর্তী গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে নৌকা যোগে সানন্দবাড়ি মোল্লার চর থেকে বালাসীঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। যমুনা নদীর মাঝখানে সে মাথা ঘুরে নৌকা থেকে পড়ে যায়, পরবর্তীতে তাকে নদী থেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয় নৌকার যাত্রীরা। এরপর থেকে আমিনুল ইসলাম খোকা যমুনা নদীতে নিখোঁজ ছিলো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার খানপাড়া এলাকায় যমুনা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে এক নৌকার মাঝি সেটাকে আটকে রাখে, পরবর্তীতে নৌ থানা পুলিশকে খবর দিলে পুলিশ অজ্ঞাত হিসেবে মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে আমিনুল ইসলাম খোকার স্বজনরা তার মৃতদেহ শনাক্ত করে। পরে স্বজনদের কোন অভিযোগ না থাকায় আমিনুল ইসলামের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, আমি ঘটনাটি অবগত হয়েছি, বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ এই বিষয়টি তদারকি করছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




