প্রধান খবরসারাদেশ

কর্মকর্তাদের গাড়িতে ৩০ শতাংশ জ্বালানি কম ব্যবহারের নির্দেশনা ডিএসসিসির

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থার প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশনায় ব্যয় সংকোচন ও সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করা হয়েছে। দপ্তর আদেশে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি ব্যবস্থাপনায় চাপের বিষয়টি বিবেচনায় রেখে ডিএসসিসির বিভিন্ন খাতে জ্বালানি ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি গাড়িতে জ্বালানি সরবরাহের পরিমাণ ৩০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও জ্বালানি ব্যবহারের পরিমাণ ২০ শতাংশ কমানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া যানবাহন ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। দপ্তর আদেশে বলা হয়েছে, দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে অফিস কক্ষে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এজন্য অফিসের জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে অফিসে বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। অফিস চলাকালীন সময়েও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যাবে না। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে, যাতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমানো সম্ভব হয়। দপ্তর আদেশে আরও উল্লেখ করা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে। একইভাবে অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুমসহ অন্যান্য স্থানে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না। এছাড়া অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি অফিস ভবনে অপ্রয়োজনীয় বা আলংকারিক আলোকসজ্জা ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম সংস্থার সব বিভাগ, শাখা এবং আঞ্চলিক কার্যালয়কে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন। সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত দপ্তর আদেশে বলা হয়েছে, জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সকলকে তা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডিএসসিসি সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন সরকারি ব্যয় কমবে, অন্যদিকে জ্বালানি ব্যবস্থাপনায় সাশ্রয়ী ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!