সারাদেশ

পাবনায় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারে খনন কাজের সময় বেরিয়ে এলো একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। শনিবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে সরকারি মঠের পুকুর নামে পরিচিত ওই পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। জানা গেছে, সরকারি একটি প্রকল্পের আওতায় পুকুরটি সংস্কারের জন্য খননযন্ত্র এস্কাভেটর দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে একটি পাথরের মূর্তি বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষ ভিড় জমান। পরে পুকুর খননে দায়িত্বে থাকা ইদ্রীস স্থানীয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করেন। বর্তমানে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবতার প্রাচীন মূর্তি। আগে হান্ডিয়াল এলাকায় হিন্দু সম্ভ্রান্ত অনেক পরিবারের বসবাস ছিল। তাদেরই প্রাচীন কোনো স্থাপনা বা মন্দিরের মূর্তি হতে পারে। যেটি মাটির নিচে চাপা পড়েছিল। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!