ব্যবসায়ীদের চাপ দিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানো আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা ছিল। কিন্তু আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম আটকে রেখেছি। এক ধরনের চাপ প্রয়োগ করে ব্যবসায়ীদের রাজি করানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই। মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল থাকার পেছনে দুইটি কারণ রয়েছে। একটি হলো পণ্যের সরবরাহ ও পরিমাণ ঠিক রাখা। আর অন্যটি হলো দাম স্থিতিশীল রাখা। ভোজ্যতেলের দাম প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে। তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী প্রমুখ।




