লিড নিয়েও অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিন শেষে তারুবা টেস্টের নিয়ন্ত্রণ এখন অনেকটাই পাকিস্তানের কাছে। যা সম্ভব হয়েছে মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদের দুর্দান্ত বোলিংয়ে। তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১২৬ রান করেছে। তাদের লিড এখন ১৫৫ রান। দিন শেষে শামার জোসেফ ২২ ও কেমার রোচ ৫ রানে অপরাজিত আছেন। এই জুটিই চতুর্থ দিনের শুরুতে ইনিংস এগিয়ে নেবে। এর আগে প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে ৩১১ রান করা ওয়েস্ট ইন্ডিজ ২৯ রানের লিড পায়। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে বোর্ডে ৭ রান যোগ হতেই মোহাম্মদ আব্বাস ব্র্যান্ডন কিং (৫) ও কেভেম হজকে (০) ফেরান সাজঘরে। এনে দেন পাকিস্তানকে দারুণ সূচনা। এরপর ২৮ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। মোহাম্মদ আলি ৪ রান করা আমির জাঙ্গুকে উইকেটরক্ষকের ক্যাচ বানান। মাত্র তিন ওভার পর মোহাম্মদ আলি আবারও আঘাত হানেন। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার শাই হোপকে ১০ রানে বিদায় করে ৪৩ রানেই ৪ উইকেট তুলে নেন উইন্ডিজের। এরপর জাস্টিন গ্রিভসকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন ওপেনার ট্যাগেনারিন চন্দরপল। দুজনে মিলে ৩৭ রানের জুটি গড়লেও আমির জামাল ১০১ বলে ৩৫ রান করা চন্দরপলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। জাস্টিন গ্রিভস (২০) আব্বাসের শিকার হন, আর অধিনায়ক রোস্টন চেজকে (৮) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন খুররম শাহজাদ। ফলে ৯৩ রানেই ৭ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে শামার জোসেফ ও কেমার রোচ অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে দিনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ১৩ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। খুররম শাহজাদ শিকার করেন ২ উইকেট। এছাড়া মোহাম্মদ আলি ও আমির জামাল একটি করে উইকেট নেন। এর আগে দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩১১ রানের জবাবে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে থেকেব্যাটিং শুরু করে। অধিনায়ক শান মাসুদ ও সালমান আলি আগা চতুর্থ উইকেটে ৪৭ রান যোগ করেন। এই জুটির পথে নিজের টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতক পূর্ণ করেন মাসুদ। তবে এরপরই পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। প্রথমে শামার জোসেফ ৬০ বলে ২০ রান করা সালমান আলি আগাকে বোল্ড করেন। পরের ওভারেই জাস্টিন গ্রিভস ১৮৪ বলে ১০৯ রান করা শান মাসুদকে ফিরিয়ে দেন। এরপর দুর্দান্ত বোলিংয়ে একে একে আমির জামাল (৩), অভিষিক্ত আলি উসমান (০) ও মোহাম্মদ রিজওয়ানকে (১২) আউট করে ২৫৯ রানে পাকিস্তানের ৮ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেন গ্রিভস। শেষ পর্যন্ত ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। জাস্টিন গ্রিভস ১১ ওভারে ২৭ রানে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের স্বাদ পান। কেমার রোচ ও শামার জোসেফ নেন দুটি করে উইকেট, আর জেইডেন সিলসের শিকার একটি উইকেট। তিন দিন শেষে ম্যাচে পাকিস্তানই সুবিধাজনক অবস্থানে রয়েছে। চতুর্থ দিনে দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারলে জয়ের ভালো সুযোগ থাকবে সফরকারীদের সামনে।




